এক বিবৃতিতে আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান খোমেনি বলেন, বাহরাইনের বেশ কয়েকজন আলেম, শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব ও মুমিনের বিরুদ্ধে অন্যায় ও কঠোর সাজা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডও রয়েছে। এসব রায় মুমিনদের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে এবং ব্যাপক দুঃখ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের নজিরবিহীন রায় বাহরাইনের শিয়া জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিন ধরে চলে আসা অবিচার ও বঞ্চনার সুস্পষ্ট প্রমাণ। এই জনগোষ্ঠীর মানুষ কেবল ন্যায়বিচার ও মর্যাদার দাবি জানিয়ে আসছে। কারাবন্দি আলেম ও অন্য বন্দিদের পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বাহরাইনের শাসকদের সতর্ক করেন, দমন-পীড়ন ও বিচারিক প্রহসন বন্ধ না হলে এর গুরুতর পরিণতি হতে পারে।
আয়াতুল্লাহ খোমেনি আরও বলেন, এ ধরনের দমনমূলক পদক্ষেপ ইহুদিবাদী শাসকগোষ্ঠীসহ ইসলামি উম্মাহর শত্রুদের ষড়যন্ত্রের অংশ। শত্রুরা চায়, মুসলিম সমাজের নাগরিক ও আইনি অধিকারসংক্রান্ত বিষয়গুলোকে সাম্প্রদায়িক সংঘাতে রূপ দিতে। তবে বাহরাইনের শিয়াদের দুর্দশাকে কোনোভাবেই ধর্মীয় বিভেদ বা সংঘাতের উপলক্ষ হতে দেওয়া উচিত নয়। কারণ, এ ভূখণ্ডে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষ অভিন্ন ভাগ্য ও বেদনা নিয়ে বসবাস করছে।
তিনি বলেন, ইসলামি উম্মাহ ও এর বুদ্ধিজীবীদের দায়িত্ব হলো ঐক্যকে অগ্রাধিকার দেওয়া এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করা। একই সঙ্গে বিশ্বের ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের নীরবতা ভেঙে এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি, যাতে রাজনৈতিক হিসাব-নিকাশের বলি হয়ে মানুষের ন্যায্য অধিকার ক্ষুণ্ন না হয়।
আপনার কমেন্ট